হামজাকে অধিনায়ক করার বিষয়ে যা বললেন, সাফ শিরোপা জয়ের প্রত্যাশায় বাংলাদেশ

স্টাফ রিপোর্ট

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে চলছে নানা আলোচনা। জামাল ভূঁইয়া, সোহেল রানা ও তপু বর্মণের পর এবার অধিনায়কত্বের দায়িত্বে হামজা চৌধুরীকে দেখতে চান অনেকে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কোচের ওপরই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ দলের এই তারকা ফুটবলার।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন শেষে অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন হামজা। তিনি জানান, কোচ যদি তাঁকে অধিনায়কের দায়িত্ব দিতে চান, তাহলে সেই দায়িত্ব গ্রহণে তাঁর আপত্তি নেই।

হামজা বলেন, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’

তবে দলের অন্য খেলোয়াড়দের অভিজ্ঞতার কথা উল্লেখ করে হামজা বলেন, ‘দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন। বাংলাদেশের হয়ে আমি এখনো ১৫টির কম ম্যাচ খেলেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলের সবাই যেন একই চিন্তা নিয়ে এগোতে পারে। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অনেকটা পরিবারের মতো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব।’

এদিকে অধিনায়কত্ব নিয়ে আলোচনা থাকলেও আপাতত বাংলাদেশ দলের মূল লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়। ২০০৩ সালের পর থেকে আর এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটাতে আশাবাদী হামজা।

শিরোপা জয়ের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ২৩ বছর ধরে সাফ শিরোপা জেতেনি। ইনশা আল্লাহ, এবার আমরা শিরোপা দেশে ফিরিয়ে আনতে পারব।’

নিজেদের সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন হামজা। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেবারিট। অন্তত আমি তা-ই মনে করতে চাই।’

উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ইতোমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক দল। ম্যাচে জয় পেলে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে ওঠার সুযোগ পাবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *