‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের তালিকায় স্থান পেলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

২০২৭ সালের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদদের তালিকায় তাঁর নাম প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার।

প্রকাশিত তালিকায় তারেক রহমানকে বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। এ সময় দেশের বাইরে থেকেই তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

তালিকার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় এনে দেন তিনি। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটে এবং বিএনপি সরকার গঠন করে।

‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষস্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তালিকায় আরও রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এ ছাড়া শীর্ষস্থানীয়দের তালিকায় রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তাঁর পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনির নাম রাখা হয়েছে প্রয়াত ব্যক্তিদের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *