
স্টাফ রিপোর্ট
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে মন্ত্রণালয়টিকে অকার্যকর বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট জবাব দাবি করেন তিনি।
সংসদে সাম্প্রতিক নাশকতার বিভিন্ন ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। আর্মি গল্ফ ক্লাব, এসবির সদর দপ্তর, বিভিন্ন থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও সংসদে জানান তিনি।
সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে অভিযান চালাতে গিয়ে একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া সাজেক ভ্যালিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও বক্তব্যে তুলে ধরেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, এতগুলো ঘটনা ঘটার পরও এসব ঘটনায় কাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
দেশে বিজিবি, এসআরবি, এপিবিএন, পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এতগুলো বাহিনী থাকার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, তার দায় সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল মন্ত্রণালয়ের কার্যকারিতা দৃশ্যমান হচ্ছে না।
বক্তব্যে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি নিয়েও সতর্ক করেন জামায়াত আমির। তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের পর দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না।
সরকারের উপদেষ্টাদের আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা নিয়ে দেওয়া পরস্পরবিরোধী বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণের কাছে কী বার্তা যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান।
এ ছাড়া গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিরোধী দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, একজন সংসদ সদস্য তাঁকে জানিয়েছেন, একটি গোয়েন্দা দপ্তর থেকে ফোন করে জামায়াত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ডকে ধৃষ্টতা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, দেশ আবারও অতীতের অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে কি না।
বক্তব্যের শেষ পর্যায়ে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন জামায়াত আমির। তিনি বলেন, সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতা চায়, তাহলে তারা আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করবে।