পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা, ১১ নভেম্বর থেকে আবেদন শুরু

স্টাফ রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। তবে এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এবার ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন না। অন্যদিকে, ফল পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের জন্য আবেদনের সুযোগ থাকছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে একই দিন সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু এবং ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইউজিসির এ সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়েই আবেদন ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।

একই বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি জানান, ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও সিদ্ধান্ত চূড়ান্ত করে ইতোমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের আবেদন করতে না পারার বিষয়টি এবারের ভর্তি কার্যক্রমে বিশেষ গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে, ফল পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের জন্য আবেদনের সুযোগ থাকায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *